বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে আকাশি রঙের একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এদিন মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে।
এর আগে গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। প্রসিকিউশনের দাবি, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের সংশ্লিষ্টতার তথ্য তদন্তে পাওয়া গেছে। তবে মামলাটির তদন্ত এখনো চলমান।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। ইলিয়াস আলী সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।