নারীর ক্ষমতায়ন বাস্তবায়নের পাশাপাশি সমাজকে সচেতন করতে ও পিছিয়ে পড়া শিশুদের এগিয়ে নিতে পঞ্চগড়ে এক ঘণ্টার জন্য প্রতীকী চেয়ারম্যান হয়েছে মানতাসা মৌমি মিম নামে এক স্কুলছাত্রী।
শিশু সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনালের উদ্যোগ ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের আয়োজনে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত এক ঘণ্টার জন্য পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে মিম। এসময় সে দফতরের বিভিন্ন কাজের কাগজে স্বাক্ষর করে। মানতাসা মৌমি মিম পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন- বেড়ে ১৫০ ডলারে উঠতে পারে জ্বালানি তেলের দাম, বিশ্বব্যাংকের পূর্বাভাস
একই সময় ব্যতিক্রমী এমন আয়োজনকে সমর্থন করে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা। আয়োজকরা বলছেন, কন্যা শিশুদের সব পর্যায়ের কাজে উৎসাহ দিতে এবং নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় কন্যা শিশু দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।

এক ঘণ্টার উপজেলা পরিষদ চেয়ারম্যান মানতাসা মৌমি মিম জানায়, এই দায়িত্বের মাধ্যমে সমাজের সর্বত্র নারীর সমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে নারী সমাজকে এগিয়ে নেয়ার চেষ্টা করব।
পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, ‘নারীরা আজ পিছিয়ে নেই। সমাজের সর্বত্র নারীর অবাধ বিচরণ আজ দৃশ্যমান। নারীদের অবদান কখনো অস্বীকার করা যায় না। এক ঘণ্টার প্রতীকী চেয়ারম্যান হওয়ার মাধ্যেমে এই কোমলমতি শিশু কন্যারা সমাজের উচ্চ আসনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলে আমি মনে করি।’
এদিকে, শিশু সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) পঞ্চগড়ের ভলেন্টিয়ার সাদিয়া কবির কনা বলেন, ‘কন্যা শিশুদের সব পর্যায়ে কাজে উৎসাহ দিতে, সমান অধিকার ও সুযোগ দিতে এবং নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় কন্যা শিশু দিবস উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) পঞ্চগড় জেলা শাখা গত চার বছর ধরে এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় আজকের আয়োজন। তবে আমরা সমাজকে সচেতন করতে এ ধরনের কাজ করে যাচ্ছি।’
আরও পড়ুন-বিএনপির ভিতরে নেতৃত্বের দুর্ভিক্ষ চলছে - ড.শান্ত
এর আগে এক ঘণ্টার প্রতীকী এই চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম। এসময় এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে সমাজের সর্বত্র নারীর অবাধ বিচরণ ও নারীদের অবদানের পাশাপাশি নারীদের এগিয়ে যাওয়ার কথা জানান তিনি।
এসময় শিশু সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) সদস্যরা উপস্থিত ছিলেন।