ময়মনসিংহের ভালুকায় পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে কুরআন বিতরণ ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বাদ মাগরিব হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আল-কোরআন ফাউন্ডেশন ১০নং হবিরবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনায় দেশজুড়ে মুসলমানদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রতিবাদে ও সমাজে কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে এ কর্মসূচির আয়োজন করে আল-কোরআন ফাউন্ডেশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের হবিরবাড়ী ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা আবু মুহাম্মদ আব্দুল কায়্যুম এবং সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মুফতি হাবিব জিহাদী।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইয়াহিয়া সুতারপুরী। আরও বক্তব্য দেন যুবদল নেতা এমদাদুল হক খসরু, সখীপুর মহিলা কলেজের প্রভাষক জাহান আশরাফ, সংগঠনের উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসেন ফুলপুরী, হাফেজ মুকসুদুল ইসলাম, ছাত্রনেতা মো. শাকিব খান ও আরিফুর রহমান আরিফ।
বক্তারা পবিত্র কুরআন অবমাননার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, ইসলাম ধর্মের মূল আকীদা ও কুরআন শরীফ নিয়ে কটূক্তি কোনোভাবেই সহ্য করা হবে না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা দেশের শান্তি ও সহনশীল সমাজব্যবস্থার জন্য হুমকি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আব্দুল্লাহ আকরাম, রোমান আহমেদ নকিব, আরাফাত সানী, আবু নাঈম, আবুল হোসেন মাষ্টার, হাসান রাফি, মোহাম্মদ উল্লাহ আলম, মিরাজ উদ্দিন, আলাল উদ্দিন মৃধা, হাফেজ সাদিকুর রহমান, ফয়সাল আহমেদ, আবু তাহের মিসবাহ, মুফতি জাকারিয়া, মুফতি ইয়াকুব, নজরুল ইসলাম নাবিল ও হাজী শেখ ফরিদ প্রমুখ।
প্রতিবাদী সমাবেশ শেষে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ১০০টি পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ইসলামবিরোধী অপতৎপরতা রোধে এবং সমাজে কুরআনের শিক্ষা ও আলো ছড়িয়ে দিতে তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।