রাজধানীতে বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য সংগ্রহে ডিএমপির উদ্যোগ
রাজধানীতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে তদারকির লক্ষ্যে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ কার্যক্রমের আওতায় নতুন ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের তথ্য সংগ্রহের পাশাপাশি পূর্বে নিবন্ধিত তথ্যও হালনাগাদ করা হচ্ছে।
ডিএমপির সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (CIMS)-এর মাধ্যমে বাড়ির মালিক, ভাড়াটিয়া এবং প্রয়োজনে পরিবারের সদস্য, গৃহকর্মী ও চালকের তথ্য সংরক্ষণ করা হচ্ছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ উদ্যোগের উদ্দেশ্য একটি নির্ভুল তথ্যভান্ডার গড়ে তোলা, যাতে প্রয়োজনে দ্রুত পরিচয় নিশ্চিত করা এবং অপরাধ তদন্তে সহায়তা পাওয়া যায়।
ডিএমপি নগরবাসীকে সঠিক ও হালনাগাদ তথ্য দিয়ে এ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। পুলিশ বলছে, এই নিবন্ধন কার্যক্রম সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে।