রাজধানীর গুলিস্তানে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (২৮ অক্টোবর) ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট-সংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ অভিযানে ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী এবং পুলিশের ছয় প্লাটুন সদস্য অংশ নেন। এ সময় পে-লোডারসহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্থাপনাগুলো অপসারণ করা হয়। পাশাপাশি উচ্ছেদ করা দোকানের মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানটি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। তিনি জানান, সড়ক ও ফুটপাত পরিষ্কার এবং দখলমুক্ত রাখার কার্যক্রম অব্যাহত থাকবে। হকারদের নির্ধারিত স্থান, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেটে ব্যবসা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএসসিসি জানিয়েছে, উচ্ছেদের পর আবারও নিয়ম অমান্য করে সড়ক বা ফুটপাত দখল করলে মালামাল জব্দসহ প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।