ইয়েমেনে সৌদির অস্ত্রবাহী বিমান ঘিরে বিস্ফোরণ, বন্ধ বিমান চলাচল
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর) সৌদি আরবের একটি সামরিক কার্গো বিমানকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, বিমানবন্দরে অস্ত্র বহনকারী সৌদি সামরিক বিমান রয়েছে। এ কারণে তিনি বিমানবন্দর এলাকা থেকে লোকজনকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানান।
এরপর বিমানবন্দরের কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার পর সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয় বলে পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, হামলার সময় সৌদি সামরিক বিমানটি বিমানবন্দরে থাকলেও সেটিতে সরাসরি আঘাত লাগেনি এবং পরে বিমানটি উড্ডয়ন করে। এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।