রূপসা প্রতিনিধি : রূপসায় নৈহাটি ইউনিয়ন পরিষদের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী ও উপজেলা বিএনপি'র আহবায়ক সাবেক চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমানের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা উপলক্ষে শোডাউন অনুষ্ঠিত। ২৩ অক্টোবর বিকাল ৪ টায় রামনগর পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন বালুর মাঠ প্রাঙ্গণ থেকে প্রচার প্রচারণা স্বরূপ এ শোডাউন ও পথ সভা শুরু করেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক এ চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান। এ সময় নৈহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক সমার্থক, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে এ অনুষ্ঠানকে সফল করেন। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন রূপসা বাজার বণিক সমিতির সভাপতি ও ইউনিয়ন বিএনপি'র সার্চ কমিটির সদস্য ফিরোজ মির। দলীয় মনোনয়ন প্রত্যাশী রূপসা উপজেলা শাখার আহবায়ক মোল্লা সাইফুর রহমান বলেন-দীর্ঘ সময় ধরে আমি জনপ্রতিনিধিত্ব করেছি। পাঁচ বছর ১ নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। পরবর্তীতে ২০০৩ সালে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ১১ বছর নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছি। বর্তমানে উপজেলা বিএনপি'র আহবায়ক পদে থেকে মানুষের কল্যাণে কাজ করে চলছি। আমার চলার পথে যদি কখনও কোন সময় ভুল হয়ে থাকে সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আমি আবারও চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করছি। দল যদি আমাকে মনোনয়ন বা সমর্থন দেন আর আমি নির্বাচিত হতে পারি তাহলে আমার জীবনের সর্বোচ্চ দিয়ে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন করার চেষ্টা করব। আমি বিএনপি'র রাজনীতি করে নিরলস দলের জন্য আমার জীবনের অনেক মূল্যবান সময় ব্যয় করেছি। আশা করছি দল আমাকে সমর্থন দিয়ে মূল্যায়িত করবেন। আপনাদের সহযোগিতা, সমর্থন ও ভালোবাসা পেলে অবশ্যই আমি নির্বাচিত হবো ইনশাল্লাহ। আমার জীবনের বাকি সময় আপনাদের পাশে থেকে সেবা ও কল্যাণমূলক কাজ করে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আমার জন্য দোয়া করবেন পরম করুণাময় আল্লাহ তায়ালা যেন আপনাদের সেবা করার সুযোগ করে দিন।