আশুলিয়ার কবিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) গভীর রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গত সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আরও পড়ুন- আটোয়ারীতে তামিম সুপার মার্কেটের উদ্বোধন
এ ঘটনার পরদিন গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের হয়। মামলার পর থেকেই থানা পুলিশের একাধিক টীম কাজ শুরু করেন। এরপর গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, কলতাসূতি এলাকার হাজী আব্দুল কাদেরের ছেলে জিয়াউর রহমান (৪০) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে হৃদয় প্রামানিক (২৫)।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কলতাসুতি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তারা বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।
আরও পড়ুন- নাগরপুরে তিন ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সভা
উল্লেখ্য, সম্প্রতি আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া ও জিরানী এলাকায় ৩ টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ইসময়/একে/এমআরএম