ঘরের মাঠের ফাইনালে ভারতের জয় নিয়ে সমর্থকরা অনেকটাই নিশ্চিত ছিলেন। যেভাবে ভারত ফাইনাল পর্যন্ত এসেছিল তাতে অস্ট্রেলিয়ার তাদের কাছে পাত্তা পাওয়ারই কথা ছিল না। কিন্তু ফাইনালে অন্য এক অস্ট্রেলিয়ার সামনে পড়ে খেই হারিয়ে ফেলে ভারত।
স্বাগতিকদের ওপর ছড়ি ঘুরিয়েছে অজিরা। বিশেষ করে ট্রাভিস হেড। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে হেডের কাছে নাস্তানাবুদ হয়েছেন রোহিত শর্মা-মোহাম্মদ শামিরা।
ভরতের মাটিতেই ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের নায়ক ট্রাভিস হেড। অরবিন্দ ডি সিলভার পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ফাইনালে রান তাড়া করতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই অজি ব্যাটার।
আরও পড়ুন- মিশন হেক্সা সম্পন্ন করল অস্ট্রেলিয়া
আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালের সবটুকু আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন হেড। প্রথমে বিপজ্জনক হয়ে ওঠা রোহিত শর্মাকে দারুণভাবে তালুবন্দী করে সাজঘরে পাঠান। এরপর বোলিংয়েও দুই ওভার হাত ঘুরিয়ে মাত্র ৪ রান দিয়ে চাপে ফেলেন ভারতকে।
তবে আসল কাজটা করেছেন ব্যাট হাতে। চাপের মুখে ১২০ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জয় এনে দিয়েছেন হেড। অনবদ্য পারফরম্যান্সের জন্য ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন হেডই।
এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে পরাজয়ের স্বাদ দিয়েছিলেন হেড। তাই তার ওপর ক্ষ্যাপা ভারত সমর্থকদের অনেকেই। বিশ্বকাপ ফাইনাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভারতীয়ই নানা ধরণের কথা লিখছেন হেডকে নিয়ে। অনেকেই আবার হারের জ্বালা মেটাতে মাত্রাজ্ঞান হারিয়ে এই অজি ওপেনারের স্ত্রী ও শিশুকন্যাকে ধর্ষণের হুমকি দিয়েছে।
বিশ্বকাপ খেলতে স্ত্রী কন্যাকে নিয়ে ভারতে গেছেন হেড। ফাইনালে গ্যালারিতে অজিদের হয়ে গলা ফাটিয়েছেন তারা। পরে বিশ্বকাপের শিরোপা নিয়ে ছবিও তোলেন হেডের স্ত্রী। এবার কোহলিদের স্বপ্ন ভাঙায় তাদের হুমকি দিল ভারতীয় সমর্থকরা।
আরও পড়ুন- আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব
তবে অনেক ভারতীয়ই আবার এই ধরণের হুমকি দেওয়ায় নিন্দা জানিয়েছে। এমন কদর্য আক্রমণ এবং মানসিকতার নিন্দা জানাচ্ছেন তারা। অনেকেই আবার তাদের এই হুমকির বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে অবশ্য এখনও কিছু বলা হয়নি।
ইসময়/একে/এমআরএম