বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
মোঃ আমিনুল ইসলাম, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস ছাত্তার (৭০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস ছাত্তার ওই এলাকার মৃত হাজী নুরুজামানের ছেলে।
নিহতের ভাতিজা সামিউল হক জানান, বুধবার বিকেলে প্রতিদিনের মতো বাড়ির পাশের ধানখেতে বৈদ্যুতিক সেচ পাম্পের মাধ্যমে সেচ দিতে যান আব্দুস ছাত্তার। এ সময় সেচ পাম্পের মোটরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।