বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক কলহের জেরে সৎভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি উত্তর সুতালড়ী গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে জহিরুল ইসলাম ডালিম (৩৫)। শুক্রবার বেলা ৯ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পারিবারিক কলহের কারণে ডালিমকে তার সৎভাই নাইম কুপিয়ে জখম করে।পরবর্তীতে তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের তথ্য মতে সৎ ভাই নাইম এখন পলাতক এবং তার মুঠোফোন বন্ধ আছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মারধরে আহত যুবক ডালিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে বলে শুনেছি। এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।