নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস স্বাভাবিকের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে সোমবার ২০ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
“এ ধরনের অন্যায় প্রতিরোধে র্যাব অভিযান চালাচ্ছে। সোমবার সকাল থেকে ২০ জনকে আটক করা হয়েছে,” সোমবার ঢাকার কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন।
তিনি আরো বলেন, বিক্রেতারা নিত্যপ্রয়োজনীয় জিনিস মজুদ করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মালামাল বোঝাই ট্রাকে চাঁদাবাজির বিরুদ্ধে চলমান অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, রোববার রাজধানীর বিভিন্ন প্রবেশপথ থেকে এ ঘটনায় ৫০ জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।