জয়পুরহাটের পাঁচবিবিতে আখক্ষেত থেকে তমেজুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। প্রাথমিকভাবে মোটরসাইকেল ছিনতাইয়ের পর তাকে হত্যা করে মরদেহ আখক্ষেতে ফেলে রাখার ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের একটি আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তমেজুল ইসলাম উপজেলার আটুল গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট এলাকায় শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে তমেজুলের বাকবিতণ্ডা হয়। রাত ৯টার দিকে মোটরসাইকেলযোগে সেখান থেকে নিজ বাড়ি আটুলের উদ্দেশে রওনা হন তিনি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
শনিবার সকালে বীরনগর এলাকার একটি আখক্ষেতে স্থানীয়রা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং স্বজনরা তমেজুলের মরদেহ শনাক্ত করেন।
পাঁচবিবি থানার ওসি-তদন্ত মোকলেছুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।