আসন্ন রাণীশিমূল পাইলট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও শ্রীবরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ২নং রাণীশিমূল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাকিল আহমেদ তালুকদার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
গণসংযোগের অংশ হিসেবে তিনি বালিজুরী বাজার ও বিলভরট মোড়ে স্থানীয় ব্যবসায়ী, পথচারী, সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার মানুষের খোঁজখবর নেন এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলেন। গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় রাণীশিমূল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি। মানুষের কথা শুনছি এবং এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জানার চেষ্টা করছি। জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা করতে চাই।
তিনি আরও বলেন, ইউনিয়নের মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং তাদের পাশে থেকে কাজ করার প্রত্যাশা রয়েছে। গণসংযোগের মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও জোরদার করার কথাও জানান তিনি।
গণসংযোগে উপস্থিত ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া বলেন, শাকিল আহমেদ তালুকদার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তাঁর গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ দেখা যাচ্ছে। আমরা আশা করি, নির্বাচনী কার্যক্রমে সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশাকে যথাযথ গুরুত্ব দেওয়া হবে।
গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা বালিজুরী বাজার ও বিলভরট মোড়ের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে গণসংযোগ অব্যাহত রাখার কথা জানান সংশ্লিষ্ট নেতাকর্মীরা।