শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙা বাজার সংলগ্ন কৃষি ব্যাংক এর সামনে সম্রাটের ধানের ঘরের পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গরুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গরুটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা বলে জানা গেছে।
গরুর মালিক বিলভরট আটানীপাড়া গ্রামের আনছার আলীর ছেলে জাকিউল। তিনি জানান, প্রতিদিনের মতো গরুটি বাড়ী ফিরছিলো । কিন্তু কিছুক্ষণ পরই গরুটি ধানের ঘরের পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। এতে করে জাকিউলের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ধানের ঘরের পাশে বিদ্যুতের তার ঝুলে ছিল। দীর্ঘদিন ধরে সেগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, কিন্তু স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সেগুলো মেরামতের কোনো উদ্যোগ নেয়নি। এ ব্যাপারে একাধিকবার অভিযোগ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আজ গরুর জায়গায় মানুষ মারা গেলে ব্যাপারটা অন্য রকম হতো।
স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা বহুবার বলেছি এখানে বিদ্যুৎ লাইনের ঝুঁকি আছে। কিন্তু কেউ কানে নেয়নি। এখন একটা গরু মরলো, আগামীতে যদি মানুষ হতাহত হয় তাহলে দায় কে নেবে?
এদিকে, গরুর মালিক জাকিউল প্রশাসনের কাছে ক্ষতিপূরণ ও পল্লী বিদ্যুৎ অফিসের গাফিলতির বিষয়ে তদন্ত দাবি করেছেন। একইসঙ্গে এলাকাবাসী দ্রুত ঝুঁকিপূর্ণ তারসমূহ অপসারণ করে নিরাপদভাবে পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছেন।