গাজীপুর মহানগরীর পূবাইলে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর ) ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন জমাদ্দার (১৯) আটকের একদিন পর একই মামলার আরেক পলাতক আসামী রানা (২৭) নামে একটা এক যুবককে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) পূবাইল থানাধীন হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পূবাইল থানায় কর্মরত এসআই (নিঃ) মো. সাব্বির হোসেন ও এএসআই (নিরস্ত্র) মো. শামসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার হায়দরাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকায় জালাল উদ্দিনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে প্রথমে সুজন জমাদ্দারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে সুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে একই এলাকা থেকে এই মামলার ২ নম্বর পলাতক আসামি রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত রানা গাজীপুর মহানগরীর পূবাইলের ৩৯ নং ওয়ার্ড এর হায়দরাবাদ পশ্চিম পাড়া এলাকার আহমদ আলীর ছেলে ।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে পূবাইল থানা পুলিশের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।