ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনকে কেন্দ্র করে বর্তমান ডাকসু নেতৃত্বের সমালোচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির অভিযোগ, শিবির-নিয়ন্ত্রিত ডাকসু এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ‘পাকিস্তানপ্রেম’ প্রকাশ করছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে ছাত্রদল এ অভিযোগ করে। সংগঠনটি জানায়, সংগ্রহশালায় ১৯৪৮ সালে জিন্নাহর ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ বক্তব্যের সময়কার ছবি প্রদর্শন করা হয়েছে।
ছাত্রদলের দাবি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপটে জিন্নাহর এমন ছবি ডাকসুর সংগ্রহশালায় প্রদর্শন করা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও মুক্তিকামী চেতনার সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে মধুর ক্যান্টিনের নাম পরিবর্তনের উদ্যোগের প্রসঙ্গও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ছাত্রদল আরও অভিযোগ করেছে, বর্তমান ডাকসু নেতৃত্ব শিক্ষার্থীদের আবাসন সংকট, ন্যায্য অধিকার ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার মতো বিষয়গুলোতে যথেষ্ট ভূমিকা রাখতে পারছে না। তাদের অভিযোগ, ডাকসুকে একটি নির্দিষ্ট রাজনৈতিক ও আদর্শিক এজেন্ডা বাস্তবায়নের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এ ঘটনায় ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে ফেলা এবং বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থান ও ঐতিহ্যকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখার দাবি জানিয়েছে ছাত্রদল।