ডেঙ্গুতে সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ৪১৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ জনে আর আক্রান্ত ৩ লাখ ১৭ হাজার ৬৪৫ জনে।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন- ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, বাড়লো আক্রান্তের সংখ্যা
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৩ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১৮৩ জন এবং ঢাকার বাইরে ৩১০ জন। একই সময় ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে ঢাকার আছেন তিনজন এবং ঢাকার বাইরের একজন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৫৩ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯ জন এবং ঢাকার বাইরের ৫৬৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৯ হাজার ১০১ জন, আর ঢাকার বাইরের ২ লাখ ৮ হাজার ৫৫৪ জন।
একই সময় পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৯৩৩ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৭ হাজার ৫৪৯ জন এবং ঢাকার বাইরের ২ লাখ ৬ হাজার ৩৮৩ জন।
২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
আরও পড়ুন- মহিষের দুধের টক দই খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি
২০২০ সালে করোনাকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে ৭ জন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।
ইসময়/একে/এমআরএম