পাবনার ঈশ্বরদীতে ঢাকা-কলকাতা রুটের আন্তর্জাতিক ‘মৈত্রী এক্সপ্রেসে’ ট্রেনে পাথর ও ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় জানালার গ্লাস ভেঙে ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়।
দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) দুপুরে ১২টার দিকে ঈশ্বরদীর লোকোশেড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫-১৬ জনের একদল যুবক ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেনে পেট্রল, পাথর ও ইট ছুড়ে ট্রেনের জানালার দুটি গ্লাস ভেঙে দিয়েছে। তবে রেলের নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে ট্রেনটি দ্রুত ঢাকা অভিমুখে চলে যায়।

পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী বীরবল মণ্ডল ও পাকশী রেলওয়ে পুলিশ সুপার সাহাব উদ্দীন সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন-ফরিদপুরে অবরোধ থাকবে না বললেন জেলা প্রশাসক
তারা জানান, মৈত্রী এক্সপ্রেস ট্রেন দুপুর ১২টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনে অদূরে লোকোশেড অতিক্রম করে। এ সময় ট্রেনের ৭২১৯ কোচে ঢিল ছুড়ে অবরোধকারীরা। এতে জানালার দুটি গ্লাস ভেঙে যায়।
খবর পেয়ে পুলিশ ও রেলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। বিষয়টির তদন্ত চলছে বলেও জানান তারা।
ইসময়/একে/এমআরএম