ভারত রোজার আগেই পেঁয়াজ ও চিনি রপ্তানির অনুমতি দেবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।
আরও পড়ুন : সিংড়ায় সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের ৫জন আটক
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশি দেশ হিসেবে ভারত রোজার আগেই পেঁয়াজ ও চিনি রপ্তানির অনুমতি দেবে বলে কথা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরেও এ বিষয়ে আশ্বাস দিয়েছে দিল্লি।
তিনি বলেন, ভোক্তারা যাতে ন্যায্যমূল্যে সব ধরনের ভোগ্যপণ্য কিনতে পারেন সেজন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে দ্রুত পণ্যসামগ্রী আমদানি করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিনি, ভোজ্যতেল, খেজুর ও চাল আমদানিতে শুল্ক কমানোর নির্দেশনা দিয়েছেন।
আশা করছি, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্রুত এসব পণ্যের শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করবে।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রমজানের সময় বাজারে নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকবে এবং মানুষ কমদামে পণ্য কিনতে পারবেন।