ছুটিতে বাড়ি ফিরে নিখোঁজ হয়ে গেলেন ভারতীয় সেনার এক জওয়ান।
শনিবার ( ২৯ জুলাই ) রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাশ্মীরের কুলগামের বাসিন্দা ওই জওয়ানকে। রাত সাড়ে ৮ টায় জাভেদ আহমেদ ওয়ানি নিজের গ্রামের কাছের একটি বাজারে গিয়েছিলেন বাড়ির কিছু জিনিস কিনতে। সেখানে থেকেই নিখোঁজ হয়ে যান তিনি।
সেনা সূত্রে খবর, কয়েকদিন আগেই বাড়ি ফিরেছিলেন জওয়ান জাভেদ আহমেদ ওয়ানি। তিনি লাদাখের লেহতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কাশ্মীরের কুলগামে। পরিবার জানায়, শনিবার রাতে কিছু জিনিস কেনার জন্য গাড়ি নিয়ে চোয়ালগামে গিয়েছিলেন জাভেদ। রাতে আর ফেরেননি। উদ্বিগ্ন পরিবার পুলিশ ও সেনা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে। সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি অভিযান।

কিন্তু এখন পর্যন্ত জাভেদের সন্ধান মেলেনি। তবে তাঁর গাড়ি উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে তারা মনে করছে, জাভেদকে অপহরণ করা হয়েছে। কাশ্মীরে এইভাবে সেনা কর্মীদের অপহরণ নতুন ঘটনা নয়। এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটিয়েছে জঙ্গিরা।
এবারেও কোনও জঙ্গি গোষ্ঠী তাঁকে অপহরণ করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
ই-সময়/আর.এম/এমআরএম