ফরিদপুরের ভাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
পরে স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মো. ফরহাদ হোসেন ও চম্পা আক্তারের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোক্তার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন, অধ্যক্ষ আবু ইউসুফ মৃধা, প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন, এম. এম. আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক মো. সরোয়ার, প্রভাষক দিলীপ দাস, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামসহ প্রমুখ ।
বক্তারা বলেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। একজন আদর্শ শিক্ষক শুধু শিক্ষার্থীদের পাঠদানই করেন না, বরং তাদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে ভাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ জন গুণী শিক্ষককে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।