যুদ্ধ শেষ করতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা কমাতে হবে: ভ্যান্স
যুদ্ধের অবসান ঘটাতে হলে ইরানকে তার পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, শুধু ভবিষ্যতে পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি যথেষ্ট নয়। ইরানকে এ বিষয়ে বাস্তব ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
ভ্যান্সের ভাষ্য, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা না রাখে, তাহলে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা না থাকার বিষয়ে নিজেদের অবস্থান প্রমাণ করতে ইরানকে সমৃদ্ধকরণ সক্ষমতায় ‘অর্থবহ’ পরিবর্তন আনতে হবে।
যুক্তরাষ্ট্র ও ইরান সাম্প্রতিক সময়ে যুদ্ধ বন্ধ এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে বিভিন্ন প্রস্তাব বিনিময় করেছে। তবে ইরানের সর্বশেষ প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
ভ্যান্স বলেন, ওয়াশিংটন এখনো একটি চুক্তির বিষয়ে আগ্রহী। তবে এর জন্য ইরানের পক্ষ থেকে পারমাণবিক কর্মসূচি নিয়ে বাস্তব পদক্ষেপ প্রয়োজন। তাঁর ভাষায়, শুধু কথার বিনিময়ে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতায় যেতে চায় না।
এদিকে ইরানের সিদ্ধান্ত গ্রহণের কাঠামো নিয়েও যুক্তরাষ্ট্রের কিছু অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছেন ভ্যান্স। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাষ্ট্রের এমন বক্তব্যের সমালোচনা করে বলেছেন, ইরানের সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা সম্পর্কে মার্কিন কর্মকর্তারা অবগত।