তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ গ্রেপ্তার
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) এ তথ্য জানা গেছে। তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন।
এর আগে গত ২৯ অক্টোবর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে কয়েকজন তাদের ধাওয়া করলে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন। তবে তার এই বক্তব্যের সত্যতা এখনো তদন্ত করে দেখা হচ্ছে।