২০১৯ সালের ডিসেম্বরের পর ওয়ানডে ম্যাচে ভারতকে হারাতে পারেনি উইন্ডিজরা। দীর্ঘ সাড়ে ৩ বছর পরে সেই খরা কেটেছে উইন্ডিজদের। রোহিত শর্মা আর বিরাট কোহলিকে ছাড়া খেলতে নেমেই হারের মুখ দেখেলো ভারত।
শনিবার (২৯ জুলাই) ব্রিজটাউনে ভারতকে ৬ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ দল। আগে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়দের বোলিং তোপে ৪০.৫ ওভারে মাত্র ১৮১ রানেই গুটিয়ে যায় ভারত। জবাবে ৩৬.৪ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে হেসে খেলে জয় তুলে নেয় উইন্ডিজ বাহিনী।

ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এদিন খেলতে নামেননি। তার পরিবর্তে দলের অধিনায়কত্ব করেন হার্দিক পান্ডিয়া। এছাড়া তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিও ছিলেন না দলে। এ দুজনের পরিবর্তে মাঠে নামেন সাঞ্জু স্যামসন আর অক্ষর প্যাটেল। কিন্তু তারা দলকে জেতাতে পারেননি।
ম্যাচের আগে হার্দিক পান্ডিয়া বলেছিলেন, ‘রোহিত শর্মা এবং বিরাট কোহলি আপাতত বিশ্রামে রয়েছেন। বিষয়টি আমাদের জন্য পরিষ্কার করা দরকার। তাদের পরিবর্তে খেলবেন সাঞ্জু এবং অক্ষর।’

ম্যাচে সাঞ্জু ১৯ বলে ৯ রান ও অক্ষর ৮ বলে ১ রান করে সাজঘরে ফেরেন। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেট হারায় ভারত। যেখানে ক্যারিবীয়ানদের ইনিংস মাত্র ১১৪ রানেই গুটিয়ে গিয়েছিলো। ফলে দ্বিতীয় ম্যাচটি হালকাভাবে নিয়েছিল ভারত। আর তাতেই হারের মুখ দেখতে হলো।
এ মুহূর্তে ওয়ানডে সিরিজে ১-১ সমতা। আগামী ১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল। ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে রুপ নিয়েছে। দ্বিতীয় ম্যাচে রোহিত-কোহলি না থাকলেও শেষ ম্যাচে তাদের ফেরার সম্ভাবনা প্রবল।
ই-সময়/আর.এম/এমআরএম