নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান আসামি এবং ২৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. বাপ্পি সরদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত ছাড়াও অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া।
আরও পড়ুন-নেত্রকোনায় ছিনতাই কারীদের গণ ধোলাইয়ের পর পুলিশে সোপর্দ
মামলার এজাহারে জানা যায়, বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রোববার (২৯ অক্টোবর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীরা।

মামলায় এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক সুমন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, আহবায়ক মাহাবুবুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, সিনিয়র সহসভাপতি সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্মআহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা, যুবদল নেতা শরীফ হোসেন মানিক, কায়েস আহমেদ পল্লব, রতন, ইমাম হোসেন, (ভুইগড়), ইউসুফ পাটোয়ারী, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মুসলিম, বাসেদ, মাঈনুদ্দিন, জীবন ও হুমায়ুন খান মঞ্জু।
আরও পড়ুন- বিএনপির অবরোধে ইবির সকল পরীক্ষা স্থগিত
মামলার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, মামলায় রুহুল কবির রিজভীসহ ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। তবে আসামিদের কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
ইসময়/একে/এমআরএম