রাজধানীতে পুলিশ সদর দফতরের পেছনে একটি গাড়িতে আগুন দিয়েছে অবরোধকারীরা। রোববার (৩ ডিসেম্বর) দুপুর ২টা ৫২ মিনিটে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে ভিক্টর ক্লাসিকের একটি বাসে আগুন দেয়া হয়।
সিদ্দিক বাজার ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা ২টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায়। ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন- যাত্রীবাহী বাসে মিলল সাড়ে ৩ কেজি গাঁজা, আটক ১
এর আগে, অবরোধ শুরুর আগের রাতেই রাজধানীজুড়ে শুরু হয় অগ্নি সন্ত্রাস। রাজধানীর সায়েদাবাদ, গাবতলীও আগারগাঁওয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তিনটি বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে সায়েদাবাদে আসমানী পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। চালক জানান, বোরকা পরে যাত্রীবেশে বাসে উঠেছিল একজন। বাসটি সায়েদাবাদে পৌঁছালে আগুন দিয়ে নেমে যায় সেই ব্যক্তি। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

এর কিছুক্ষণ পরই আগারগাঁও বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। পুড়ে যায় পুরো বাসটি।
এদিকে, রাত ১১টার পর গাবতলীতে পদ্মা প্লাস পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন- বোয়ালখালীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকা এ দফা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে সকাল ৬টা থেকে।
এর আগে, বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত অষ্টম দফায় বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা দেশজুড়ে ২৪ ঘণ্টার অবরোধ চলে। পরে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করে বিএনপি ও সমমনা দলগুলো।
উল্লেখ্য, ঢাকায় গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর বিভিন্ন মেয়াদে এ নিয়ে ৯ বার অবরোধের ডাক দেয় দলটি।
ইসময়/একে/এমআরএম