দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
এর আগে ২৯ আগস্ট প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা এবং ৩১ আগস্ট ৪ হাজার ৭২৩ টাকা কমানো হয়েছিল। ফলে চার দিনের ব্যবধানে ২২ ক্যারেট স্বর্ণের দাম মোট ১৫ হাজার ৮৬৩ টাকা, অর্থাৎ প্রায় ১৬ হাজার টাকা কমেছে।
বাজুসের নতুন মূল্য ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন দরে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৯৩৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯০ হাজার ২৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৬৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার প্রেক্ষাপটে নতুন দর নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।