জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর জাদুঘরটি পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী রাহাত আরা বেগম।
জাদুঘরে পৌঁছালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
পরিদর্শনকালে রাষ্ট্রপতি জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক যাত্রার বিভিন্ন ঐতিহাসিক চিত্র, স্মৃতিচিহ্ন, মেমোরিয়াল ও বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্রও দেখেন।
প্রামাণ্যচিত্র ও জাদুঘরের বিভিন্ন নিদর্শন দেখে রাষ্ট্রপতি আবেগাপ্লুত হন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
রাষ্ট্রপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সবার দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ সময়ের ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরের ভূমিকা গুরুত্বপূর্ণ।