সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গ্যাসের রাইজারে বজ্রপাতের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর মহল্লার আল-মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর বাসার প্রধান ফটকের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে হঠাৎ বাসার গেটের পাশে থাকা গ্যাসের রাইজারে আগুন দেখা যায়। বিষয়টি দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বজ্রপাতের কারণে গ্যাস রাইজারে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বাসভবন বা আশপাশের এলাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।