দিনাজপুরের বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামে দড়ি দিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল তিন বছরের শিশু দিলরুবা আফিয়ার। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টার দিকে নিজ বাড়ির আঙিনায় একা খেলছিল সে। একপর্যায়ে ছাগল বাঁধার দড়ি গলায় জড়িয়ে শ্বাসরুদ্ধ হয়ে পড়ে যায় শিশুটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেলতে খেলতে শিশুটি কখন যে দড়ি গলায় পেঁচিয়ে ফেলে, তা বুঝতে পারেননি কেউ। পরে অসাড় অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে পরিবারের লোকজন ছুটে আসে।
তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আফিয়া ওই গ্রামের দেলোয়ার হোসেন ও রেবেকা সুলতানার একমাত্র সন্তান।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।
হঠাৎ এই মৃত্যুতে হতবাক পরিবার ও শোকে বিহ্বল গ্রামবাসী। শিশুটির মা-বাবা কান্নায় বারবার জ্ঞান হারাচ্ছেন।
জেএইচ/ইডি