অ্যাপলে চাকরি পাওয়া অনেক তরুণ-তরুণীর কাছে স্বপ্নের মতো। শুধু ডিগ্রি থাকলেই যে সেখানে চাকরি মিলবে না, তা-ও অজানা নয়। তাহলে প্রতিষ্ঠানটিতে কীভাবে মিলবে চাকরি? কী কী যোগ্যতা থাকলে অ্যাপল লুফে নিবে কোনো প্রার্থীকে? এবার নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন সংস্থাটির সিইও টিম কুক।
সম্প্রতি পপতারকা দুয়া লিপার সঙ্গে এক পডকাস্টে অংশ নেন টিম কুক। মূলত সেখানেই তিনি জানান, কী কী যোগ্যতা থাকলে চাকরি দেয়ার ক্ষেত্রে কোনো প্রার্থীকে অগ্রাধিকার দেয় অ্যাপল।
আরও পড়ুন- ওপেনএআই থেকে বরখাস্ত স্যাম, অল্টম্যানকে লুফে নিলো মাইক্রোসফট
এ বিষয়ে তিনি জানান, তারা সবাই বিশ্বাস করেন যে ‘এক আর এক সমান তিন’। বিষয়টি ব্যাখ্যা করে কুক বলেন, ‘অ্যাপল মনে করে, দুজন কর্মীর তিনজনের সমান কাজ করার দক্ষতা থাকা উচিত।’
এই বিষয়ে সহকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে, এটিকে অন্যতম ‘গুরুত্বপূর্ণ দক্ষতা’ হিসেবে দেখার কথা জানান টিম কুক।
এছাড়া এই টেক জায়ান্টের সঙ্গে কাজ করতে চাইলে ডিগ্রি বা ভালো কোডিং দক্ষতা থাকা আবশ্যক কি না জানতে চাইলে টিম কুক বলেন, অ্যাপল বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের প্রার্থীদের স্বাগত জানায়। অর্থাৎ কলেজ ডিগ্রি থাকা এবং না থাকা উভয় ধরনের প্রার্থীই অ্যাপলে চাকরি পেতে পারেন।

যদিও কোডিং জ্ঞানকে প্রয়োজনীয় দক্ষতা হিসেবেও স্বীকার করে নিয়েছেন টিম কুক। আবার তিনি জানিয়েছেন, তার সংস্থায় এমন মানুষও নিয়োগ দেয়া হয়েছে, যাদের ব্যাপক কোডিং দক্ষতা নেই।
অ্যাপলে কর্মী নিয়োগের ক্ষেত্রে কৌতুহলীদের প্রাধান্য দেয়ার কথাও জানিয়েছেন অ্যাপল সিইও। তার মতে, কৌতূহলী লোকরা প্রশ্ন করতে ভয় পান না।
আরও পড়ুন- স্যামসাং নিয়ে এলো ‘গ্যালাক্সি এআই’
দুয়া লিপার পডকাস্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়েও কথা বলেছেন টিম কুক। তিনি বলেন, প্রযুক্তিটি ‘জীবন-পরিবর্তনকারী’ হতে পারে। কারণ বিশাল সম্ভাবনার পাশাপাশি এটি মানুষকে নানা জটিল সমস্যা সমাধানে সহায়তা করতে পারে।
ইসময়/একে/এমআরএম