আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিসংযোগের এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন- নদীতে তরুণীর মরদেহ, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে র্যাব
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, সন্ধ্যায় চন্দ্রা থেকে ইতিহাস পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিলো। এসময় কবিরপুর এলাকায় পৌছলে বাসটিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি পুড়ে যায়। এতে কোন হতাহতের খবর পাইনি।
তিনি আরও জানান, প্রাথমিক ভাবে প্রত্যক্ষদর্শীদের বরাতে আমরা জানতে পেরেছি, বাসটিতে বাইরে থেকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে বিস্তারিত জানতে পারিনি।

এঘটনায় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আরও পড়ুন-অবরোধের আগের দিনে মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন
আগুন ইতিমধ্যে নেভানো হয়েছে। যাত্রী বেশে দূর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।'
উল্লেখ্য, সম্প্রতি আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী ও বাড়ইপাড়া এলাকায় দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ইসময়/একে/এমআরএম