বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পুনর্ব্যক্ত করেন যে, আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, স্বৈরাচারী শাসনের মাধ্যমে যেসব ভোটাধিকার ছিনিয়ে নেয়া হয়েছিল, সেগুলো প্রয়োগের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা প্রায় ৭টা ৩০ মিনিটে (ঢাকা সময়) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
প্রায় আধা ঘণ্টাব্যাপী এই আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক আলোচনা, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ বাংলাদেশি রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে কথা হয়।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বও পালনকারী সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেয়ার জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। এসব আলোচনার ফল হিসেবে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।