বহুল প্রচলিত শব্দ 'নেপোটিজম' বা 'স্বজনপ্রীতি'। সচরাচর কথার প্রসঙ্গে 'মামা-খালুর জোর' বললেও বিষয়টি কিন্তু মোটেও তথাকথিত নয়। এর রেশ ছড়ায় বহুদূর।
সুশান্ত সিংয়ের মৃত্যুর পর 'নেপোটিজম' শব্দটি সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা খবরের কাগজে শিরোনাম হয়েছে বার বার। এটির বিরুদ্ধে কথা বলেছেন অসংখ্য বলিউড তারকা। এবার টালিউডেও শোনা যাচ্ছে স্বজনপ্রীতির গুঞ্জন।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর কারণ হিসেবে বলিউডের স্বজনপ্রীতিকে দায়ী করা হয়েছে। টালিউড নিয়ে সেই সময়েই মুখ খুলেছিলেন শ্রীলেখা মিত্র। নিজের ইউটিউব চ্যানেলে বলেছিলেন, ‘স্বজনপোষণ আছে এখানেও। সম্পর্কে থাকলে কাজ পেতে সুবিধে হয়।’
তার এই বক্তব্য ছড়িয়ে পড়তেই টালিউডের অনেকেই এই অভিনেত্রীকে নিয়ে করেছেন নেতিবাচক মন্তব্য। শ্রীলেখা যদিও নিজের বক্তব্যে অনড় ছিলেন। দু’বছর পর এবার শ্রীলেখার বিপক্ষ শিবিরের এক অভিনেত্রীই প্রকাশ্যে মেনে নিয়েছেন টালিউডে স্বজনপ্রীতির কথা।
ঐ অভিনেত্রীর দাবি, স্বজনপোষণের কারণেই নাকি নতুন পরিচালক বা প্রযোজকের ছবি ভাল ব্যবসা করেও ভাল প্রেক্ষাগৃহ বা শো টাইম পায় না। নামী প্রযোজকের ছবি মুক্তি পেলে আলাদা কথা। এ খবর পেয়ে এবার শ্রীলেখার বিদ্রূপ, ‘অবাক কাণ্ড! আমার স্বজনপোষণের অভিযোগ ভিডিও নিয়ে যে বা যারা বিরোধিতা করে আমায় ছোট করার চেষ্টা করেছিল, আমার খামতি খুঁজেছিল, তারাই দেখছি আমার কথাকে যথার্থ প্রমাণ করছে।’