জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলেও ‘হাসিনার রাষ্ট্রব্যবস্থা’ এখনো টিকিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন কবি ও ভাবুক ফরহাদ মজহার। তিনি মনে করেন, ‘হাসিনার রাষ্ট্রব্যবস্থা’ টিকিয়ে রাখার দৃশ্যমান ফল হলো, ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনা।
ফরহাদ মজহার বলেন, ‘৮ অগাস্টের ‘সাংবিধানিক প্রতিবিপ্লব’ জনগণের গাঠনিক ক্ষমতাকে অস্বীকার করে শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখে। ‘হাসিনাহীন হাসিনার শাসন’ টিকিয়ে রাখার শর্তই হলো সহিংসতা ও সন্ত্রাস। ওসমান হাদির ওপর গুলি চালানো সেই শর্তেরই দৃশ্যমান, রক্তাক্ত বহিঃপ্রকাশ। এটি কোনো ব্যতিক্রম নয়— এটি ‘হাসিনাহীন হাসিনার রাষ্ট্রব্যবস্থা’ অক্ষুণ্ণ ও টিকিয়ে রাখার স্বাভাবিক ফল, যেটিকে ‘সংবিধান রক্ষা’র নামে বাঁচিয়ে রাখা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফরহাদ মজহার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ফরহাদ মজহার বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বোঝার জন্য তিনটি স্তরে অনুধাবন করা জরুরি। প্রথমত, (শেখ হাসিনা সরকার পতনের পরে ২০২৪ সালের) ৮ আগস্টের সাংবিধানিক সিদ্ধান্তের প্রকৃতি; দ্বিতীয়ত, শেখ হাসিনার শাসনামলে গড়ে ওঠা রাষ্ট্র ও প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিক চরিত্র; তৃতীয়ত, সেই কাঠামোর ভেতরে সংঘাত ও সন্ত্রাস কীভাবে ‘স্বাভাবিক শাসন-পদ্ধতি’তে পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক ভাঙন তৈরি হয়েছিল, তা কেবল সরকার পরিবর্তনের নয়; বরং রাষ্ট্রীয় ক্ষমতার বৈধতার উৎস নিয়ে একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করেছিল। জনগণের ক্ষমতা প্রয়োগের যে ঐতিহাসিক সুযোগ তখন তৈরি হয়েছিল, ৮ আগস্টের সাংবিধানিক সিদ্ধান্ত সেই সুযোগকে বন্ধ করে দেয়। এর মাধ্যমে পুরোনো সংবিধান, পুরোনো রাষ্ট্রযন্ত্র ও পুরোনো ক্ষমতা-বণ্টন অক্ষুণ্ণ রেখে ক্ষমতার ধারাবাহিকতা নিশ্চিত করা হয়।’ ফরহাদ মজহারের ভাষায়, এটাই ছিল একটি ‘সাংবিধানিক প্রতিবিপ্লব’।
তিনি আরও বলেন, ‘কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানই নিরপেক্ষ নয়; তারা বিদ্যমান ক্ষমতা-বণ্টনের প্রতিফলন। যখন সেই ক্ষমতা-বণ্টন সংকটে পড়ে, তখন রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী, আমলাতন্ত্র ও বিচারিক কাঠামো নিজেদের অস্তিত্ব রক্ষায় সহিংসতা ও ভয়ভীতির পথে হাঁটে। ৮ আগস্টের পর শেখ হাসিনার আমলে গড়ে ওঠা ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থাকে ‘সংবিধান রক্ষা’র নামে টিকিয়ে রাখা হয়েছে।’
জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনাকে বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, ‘এটি রাষ্ট্রীয় সহিংসতার ধারাবাহিক প্রকাশ। ভিন্নমত, প্রতিবাদ কিংবা গণঅভ্যুত্থানের স্মৃতি বহনকারীদের শারীরিকভাবে নিস্তব্ধ করে দেওয়াই এই