আমরা প্রায় সবাই যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম (ইউকে) এবং গ্রেট ব্রিটেনকে একই বলে মেনে নিই। যেকোনো জায়গায় যুক্তরাজ্যের বদলে ব্রিটেন বা ব্রিটেনের স্থলে যুক্তরাজ্য অথবা ইংল্যান্ড বলে কাজ চালিয়ে নেই। ভাবি, একটাই তো দেশ, নাম দুরকম। না, এ ধারণাটাই আসলে ভুল। যুক্তরাজ্য ও গ্রেট ব্রিটেনের মধ্যে রয়েছে তাৎপর্যপূর্ণ ভৌগলিক ও রাজনৈতিক পার্থক্য! আসুন পরিষ্কার হই বিষয়টি নিয়ে ।
ইউরোপের উত্তর-পশ্চিমে অবস্থিত বৃহৎ এক দ্বীপ, যার মধ্যে ইংল্যান্ড ওয়েলস ও স্কটল্যান্ড এই তিন ভূখন্ডকে একসঙ্গে বলে গ্রেট ব্রিটেন। এ তিনটি ছাড়াও এদের কাছাকাছি অবস্থাকারী অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ গ্রেট ব্রিটেনের অন্তর্গত; যেমন - আইল অব ওয়াইট। এ দ্বীপগুলো সব উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। মধ্যযুগে শুধু ব্রিটেন বলতে ফ্রান্স এর সর্ব উত্তরপশ্চিমের একটি অংশকে বোঝাতো, যা বর্তমানে 'ব্রিটানি' নামে পরিচিত। এ জন্য ইংল্যান্ড অংশের দ্বীপগুলো একত্রে শুধু ব্রিটেন হিসেবে সম্বোধিত না হয়ে বিশেষভাবে 'গ্রেট ব্রিটেন' হিসেবে পরিচিত ।
আরও পড়ুন- বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে নতুনভাবে হাজির করল ভারত

অন্যদিকে যুক্তরাজ্য নামটি অনেকটাই রাজনৈতিক। ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য একটি স্বাধীন রাষ্ট্রকে নির্দেশ করে। গ্রেট ব্রিটেনের সবটুকু (ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড) এবং তার সঙ্গে উত্তর আয়ারল্যান্ড মিলে গঠিত রাষ্ট্রই হচ্ছে যুক্তরাজ্য। অর্থাৎ গ্রেট ব্রিটেন দ্বীপে উত্তর আয়ারল্যান্ড না থাকলেও ইউনাইটেড কিংডমে রয়েছে। শুধু উত্তর আয়ারল্যান্ড নয়, ১৮০১ থেকে ১৯২২ সাল পর্যন্ত সমগ্র আয়ারল্যান্ডই যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত ছিলো।
এই রাষ্ট্রের সরকারী নাম হচ্ছে - 'দ্য ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড'। যুক্তরাজ্য একটি সার্বভৌম রাষ্ট্র একথা ঠিক, কিন্তু যে যে দেশ মিলে যুক্তরাজ্য গঠিত (ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ড) তারা নিজেরাও নিজেদের দেশের ব্যাপারে শতভাগ কর্তৃত্ব রাখে। তাদের জনগণরা চাইলে গণভোটের মাধ্যমে যুক্তরাজ্য থেকে বেরিয়ে একক স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারে।
সুতরাং , সমগ্র গ্রেট ব্রিটেন যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত কিন্তু যুক্তরাজ্যের শতভাগ এলাকা গ্রেট ব্রিটেনকে নিয়ে গঠিত নয় ! গ্রেট ব্রিটেন বলতে শুধুই একটি দ্বীপপুঞ্জকে(ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডকে) বোঝায়, কোনো সার্বভৌম রাষ্ট্র নয়। আবার, যুক্তরাজ্য একটি সার্বভৌম রাষ্ট্র যার একটি অংশ হলো গ্রেট ব্রিটেন।
আরও পড়ুন - আমাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গে জড়িত : ভারত
ইসময়/আরএম/এমআরএম