ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মুষ্টিমেয় কিছু মানুষের জন্য পবিত্র ধর্ম, শান্তির ধর্ম এবং বিশ্বের সর্বশ্রেষ্ট ধর্ম ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে দৃষ্টি দেয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।
সোমবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র থেকে জাতীয় ইমাম সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো ইসলাম সম্পর্কে মানুষের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবে। বিশেষ করে মুসল্লিদের নামাজের ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা, ইমাম প্রশিক্ষণ কার্যক্রম, দীন-দাওয়াতের কাজ পরিচালনা করার সুযোগগুলো থাকবে। সেই সাথে আমাদের দেশের মসজিদের ইমাম, মোয়াজ্জেম, ওলামা যারা রয়েছেন তাদের অনুরোধ করব যে, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সাহসের ধর্ম প্রচার করুন। যা আমাদের নবী করিম শিখিয়েছেন, তার বিদায় হজের বাণী; সেই বাণী আমরা অনুসরণ করব।
সেদিকে লক্ষ্য রেখে আমাদের দেশের কোনো ছেলে-মেয়ে যেন জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক এসবের সঙ্গে সম্পৃক্ত না হয়, আপনারা সে ব্যাপারে যথাযথ শিক্ষা দেবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন।’
শেখ হাসিনা বলেন, ‘মুষ্টিমেয় কিছু মানুষের জন্য আমাদের পবিত্র ধর্ম, শান্তির ধর্ম এবং বিশ্বের সর্বশ্রেষ্ট ধর্ম ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে দৃষ্টি দেয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।’
এর আগে ষষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।
আরও পড়ুন- পুলিশ কনস্টেবল হত্যার প্রতিবাদে দৃষ্টান্ত মুলক বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

দেশের প্রতিটি জেলা ও উপজেলার পাশাপাশি সব পৌরসভায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ নির্মাণে ২০১৭ সালে ৯ হাজার ৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে সরকার। এ প্রকল্পের অধীনে সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়।
এখন পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সোমবার নতুন আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এ সংখ্যা দাঁড়ালো ৩০০-তে।
উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সৌদি আরবের মসজিদ-ই-নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নাজিবুল বশর মাইজভান্ডারী, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ কাফিলুদ্দিন সরকার সালেহী, ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমিন মাদানী, জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানসহ মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য ও সরকারের পদস্থ কর্মকর্তারা অংশ নেন। সারাদেশ থেকে প্রায় ১ লাখ প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম এ সম্মেলনে যোগ দিয়েছেন।
আরও পড়ুন-ঢাকায় রাজনৈতিক অস্থিরতা বিষয়ে পশ্চিমাদের উদ্বেগ প্রকাশ
ইসময়/একে/এমআরএম