কক্সবাজারে দুই নাতিকে নিয়ে রাস মহোৎসবে গিয়েছিলেন দাদা পরিমল কান্তি দে। রাতে মহোৎসব দেখে প্রসাদ খেয়ে বাড়ি ফিরছিলেন তারা। তবে সড়ক পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় পরিমল নিহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছে তার দুই নাতি।
সোমবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১১টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী স্টেশনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন- অটোরিকশা চালক হত্যাকান্ডে ৫ জনকে গ্রেফতার
নিহত পরিমল কান্তি দে (৬৫) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম হিন্দু পাড়া এলাকার মৃত ক্ষেমশ চন্দ্র দের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, রাস পূর্ণিমা উপলক্ষে পার্শ্ববর্তী হারবাং ইউনিয়নের ধর পাড়ায় রাস মহোৎসব চলছে। সোমবার রাতে দুই নাতিসহ পরিমল কান্তি দে রাস মহোৎসবে যান।

ওইদিন রাতে প্রসাদ গ্রহণ শেষে বাড়ি ফিরছিলেন তারা। হারবাং স্টেশন থেকে ম্যাজিক গাড়িতে করে তারা তিনজন বরইতলী স্টেশনে নেমে যান। পরে তারা সড়ক পারাপার করতে গেলে পরিমলের সঙ্গে থাকা দুই নাতি একটু পিছনে সরে যাওয়ায় তারা রক্ষা পেলেও বাস চাপায় নিহত হন পরিমল।
ঘটনার খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত পরিমলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন- বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে মাছসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট
বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান খোকন কান্তি।
ইসময়/একে/এমআরএম