পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত ৩।
নিরব তাহসান, শরীয়তপুর
eshomoy.com || 2024-07-17
জাজিরা,শরীয়তপুর
শরীয়তপুরে ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ বুধবার বেলা ১২টার দিকে জাজিরার নাওডোবা পদ্মাসেতু সংলগ্ন জমাদ্দার মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোটা সংস্কার আন্দোলনকারী তিন শিক্ষার্থী আহত হন। ৩০ মিনিট চলা পাল্টাপাল্টি এই ধাওয়ার পরে আন্দোলনকারীরা পিছু হটলে সাড়ে ১২টার দিকে সড়কটির নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ।
এর আগে, সকাল ১০টার দিকে পদ্মা সেতু টোল প্লাজার সামনে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের প্রতিরোধে পিছু হটে তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দেশব্যাপী ছাত্রলীগের হামলা, আন্দোলনকারী ছাত্রদের হত্যার প্রতিবাদে বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা পদ্মা সেতুর টোলপ্লাজা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। শরীয়তপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা জাজিরার নাওডোবা এলাকায় জড়ো হতে থাকে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। তখন স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। তখন দুই পক্ষই ইট-পাটকেল নিক্ষেপ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কোটা সংস্কার আন্দোলনকারীদের এক নেতা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে মাঠে নেমেছি। ছাত্রলীগ আমাদের মারছে, হামলা করেছে আর পুলিশও মারছে। আমরা শান্তিপূর্ণভাবে সহপাঠী ভাইয়ের হত্যার বিচার চাইতে পারব না? ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় আমাদের কয়েজন আহত হয়েছে।
নিরব তাহসান ( ই সময় )
শরীয়তপুর