কুয়াকাটা বেড়াতে এসে বিকাশ কোম্পানীর এসআর জাবেদ পাঠান (২৬) বাড়ী ফিরলো লাশ হয়ে। বৃহস্পতিবার সকালে কুয়াকাটা-আমতলী সড়কের ছুরিকাটা নামক স্থানে আনান ট্রাভেলস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, ফকিরপুর সদর উপজেলার ছয় বন্ধু ঈদ-উল ফিতরের পর দিন মঙ্গলবার মোটর সাইকেলে কুয়াকাটা বেড়াতে আসেন। বেড়ানো শেষে বৃহস্পতিবার সকালে তারা বাড়ী ফিরছিল। ছয় বন্ধুর মধ্যে রাফি ও জাবেদ পাঠান একই মোটর সাইকেলে ছিলেন। কুয়াকাটা-আমতলী সড়কের ছুরিকাটা গাজী বাড়ীর মোড় ঘুরতে গিয়ে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী আনান ট্রাভেলস বাসের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের চালক জাবেদ পাঠান ও তার বন্ধু রাফি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, তবে চিকিৎসকরা তাদের সংকটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাশ কোম্পানীর এসআর জাবেদ পাঠান মৃত্যুবরণ করেন। অপর আহত বন্ধু রাফি বর্তমানে সংঙ্কটজনক অবস্থায় রয়েছেন।
আমতলী থানা পুলিশ ঘাতক বাসটি আটক করেছে এবং মামলা দায়ের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। নিহত জাবেদ পাঠানের গ্রামের বাড়ি আমতলী উপজেলার মাহমুদপুর গ্রামে এবং তার পিতা খোকন পাঠান।
নিহত জাবেদের বন্ধু সাকিল মিয়া কান্নাজনিত কণ্ঠে বলেন, বন্ধু জাবেদ পাঠানকে বাঁচাতে পারলাম না। কি জবাব দেব ওর পরিবারকে?