ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত ও তাঁর পরিবারের চার সদস্যের শেষকৃত্য ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাতে মরদেহগুলো কুষ্টিয়ায় পৌঁছানোর পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পৃথক ধর্মীয় রীতিতে তাঁদের শেষ বিদায় জানানো হয়।
রাতেই কুষ্টিয়া মহাশ্মশানে সনাতন ধর্মীয় রীতিতে সাংবাদিক দেবাশীষ দত্ত ও তাঁর শিশুসন্তান স্বর্ণশীষ দত্তের সৎকার করা হয়। পরে বাবা-ছেলেকে পাশাপাশি সমাধিস্থ করা হয়। অন্যদিকে দেবাশীষের স্ত্রী আফসানা শারমীন ও শ্বশুর আকরাম হোসেনের জানাজা শেষে কুষ্টিয়া পৌর কবরস্থানে মুসলিম ধর্মীয় রীতিতে তাঁদের দাফন করা হয়।
এর আগে শনিবার বিকেলে বেনাপোল সীমান্ত দিয়ে চারজনের মরদেহ বাংলাদেশে আনা হয়। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১০টার দিকে মরদেহগুলো কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় দেবাশীষের বাসায় পৌঁছায়। সেখানে স্বজন, সহকর্মী ও স্থানীয়রা শেষবারের মতো তাঁদের দেখতে উপস্থিত হন।