ফরিদপুরে মাকে হত্যার দায়ে ছেলে আক্কাস শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আক্কাস শেখ (৩০) ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকার মোজাহার শেখের ছেলে। রায় ঘোষণার সময় আক্কাস শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন- পুলিশ সদস্য নিহত, আরও একজন গ্রেফতার
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের এপিপি নবাব আলী মৃধা বলেন, সাক্ষী ও শুনানি শেষে আদালত আজ এ রায়ের আদেশ দিয়েছেন। বাদীপক্ষ ও আমরা এ রায়ে খুশি।

জানা যায়, ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকার বাসিন্দা মোজাহার শেখের ছেলে আক্কাস শেখ (৩০) দীর্ঘদিন ধরে মাদক সেবন করতো। নিজে কোনো কাজ করতো না, মাদক কেনার জন্য তার বাবা-মায়ের কাছ থেকে টাকা নিতো। টাকা না দিলেই তাদের মারপিট করতো। মাদক সেবনের অভিযোগে পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। জামিনে বের হয়ে এসে আবার টাকার জন্য চাপ সৃষ্টি করে।
গত ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে আক্কাস শেখ তার মা আমেনা বেগমের (৫০) কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। মা আমেনা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে আক্কাস উত্তেজিত হয়ে আমেনা বেগমের মাথায় কাঠের বাটাম এবং পরে দা দিয়ে কুপিয়ে জখম করে।
আরও পড়ুন-আজ শেষে হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা নদীতে যেতে প্রস্তুত জেলেরা
পরে তাকে প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিছুসময় পর চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেগম মারা যান।
এঘটনায় আক্কাস শেখের বাবা মোজাহার শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন।
ইসময়/একে/এমআরএম