মুজিব তোমায় খুব মনে পড়ে
ডিসেম্বরের শেষে,
ঘরে ফিরেছিল মুক্তি সেনা
সফল বীরের বেশে।
দেশ ছেড়েছিলে মার্চে তুমি;
দিয়ে মুক্তির ডাক,
তোমার ডাকে সাড়া দিয়ে গেল
প্রাণ তিরিশ লাখ।
দু লক্ষ মা বোনের
সম্ভ্রমের বিনিময়ে
স্বাধীন বাংলা এনেছি মোরা
মুজিব সেনার জয়ে।
যেমনি করে গগনের বক্ষে
উদিত হয় রবি,
লাল সবুজের নিশানে ভাসে
মুজিবের প্রতিচ্ছবি।
মুজিব তুমি জয়ের নায়ক
স্মৃতিতে চির অম্লান,
ভাষা আন্দোলন ও ছয় দফা তুমি,
তুমি গণ অভ্যুত্থান।
মুজিব তুমি বিজয় কেতন,
সর্বত্র বিরাজমান,
মুজিব তুমি অবিস্মরণীয়
কোটি মানুষের প্রাণ।
কবিতা: চেতনায় মুজিব
শাহিন আলম শেখ
সাহিত্য সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।