পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭নং চর-বোরহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.নজির সরদারের নামে হতদরিদ্র জেলেদের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।
বুধবার (১ নভেম্বর)মোঃ কবির হোসেন নামে এক জেলে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায় গত অক্টোবরের মাঝামাঝি সময়ে উপজেলার চর বোরহান ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
আরও পড়ুন-ফের বিএনপিকে বৈঠকে বসার আমন্ত্রণ ইসির
ওই ইউনিয়নের প্রায় ১৩ শ জেলের বিপরীতে ২৫ কেজি করে প্রায় ৩২ হাজার ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান মো.নজির সরদার প্রকৃত জেলেদের বাদ দিয়ে তাঁর ভাতিজা বশির সরদার, জসিম সরদার ও জহিরুল সরদারসহ আত্মীয়স্বজনের নামে চাল আত্মসাৎ করেন। কবির হোসেন লিখিত অভিযোগে দাবি করেন, চাল বিতরণে জেলেদের তালিকায় তাঁর যে স্বজনদের দেখানো হয়েছে, তাঁরা কেউ জেলে নন।

কবির হোসেন আরও দাবি করে বলেন, জেলেদের মাস্টার রোলে ভুয়া টিপসই নেওয়া হয়েছে। এসব অনিয়মের প্রতিবাদ করলে ভয়ভীতি দেখান চেয়ারম্যান সহ তার আত্মীয়স্বজনরা । তবে অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান নজির সরদার দাবি করে বলেন আমার কোনো আত্মীয়স্বজনের নাম তালিকায় নেই।
চাল বিতরণে অনিয়ম হয়নি, কর্মকর্তাদের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়। তা ছাড়া এ বিষয়ে ভয়ভীতির অভিযোগও সত্য নয়।
আরও পড়ুন-অবরোধের দ্বিতীয় দিন, মহাখালীতে অ্যাম্বুলেন্সে আগুন
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা ইসময় কে বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং অতিশীঘ্রই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ইসময়/একে/এমআরএম